চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বেতবুনিয়া চৌধুরী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রাউজানের চৌধুরী পাড়া এলাকার সোহরাব হোসেনে ছেলে তোরাব আলী, কাউখালীর মনাইরটেক এলাকার আব্দুর রহিমের মেয়ে নুর নাহার ও হাটহাজারী সাত্তার ঘাট এলাকার মাহমুদের রহামান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতবুনিয়ার চৌধুরী পাড়া এলাকায় রাঙামাটিগামী সিএনজি নং চট্ট মেট্রো থ ১১-৯১৭৩ ও রাঙামাটি হতে চট্টগ্রামগামী মাহেন্দ্র পিকআপ নম্বর চট্ট মেট্রো ন ১১-৬৪৯২ এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন ও রাউজান হাসপাতালে নেয়ার সময় আরো দু’জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় গুরুতর আহত একজনকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে।