শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সম্পর্ক হবে মানবিক মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘শিক্ষার ভীত সুসংহত করতে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক মানবিক করতে হবে। তবেই শিক্ষার্থীরা মানবসম্পদে পরিণত হবে। সরকার সার্বিক লেখাপড়ার মান উন্নয়নে বহুরকম পদক্ষেপ নিচ্ছেন।’

তিনি বলেন, ‘১ নম্বর টার্গেট হচ্ছে ছাত্রদের সাথে শিক্ষকদের সময়টা বৃদ্ধি করা। শিক্ষকদের সংখ্যা যেন কম না হয়। অনেক স্থানে শিক্ষক কম বা বেশি আছে সেগুলো সামঞ্জস্য করা হবে।’

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে নাটোর জেলাধীন প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: দমাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান এবং অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: গোলাম নবী।

উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক মানবিক হলে সারাজীবন শিক্ষার্থী ওই সম্পর্ককে ধারণ করবে। তাই পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কো-কারিকুলামে অভ্যস্ত করতে হবে এবং নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে, তাদের মধ্যে দলগত প্রচেষ্টার ধারণা সুসংহত করতে হবে। তবেই শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটবে, দক্ষ মানব সম্পদে পরিণত হবে শিক্ষার্থীরা।

উপদেষ্টা আরো বলেন, শিক্ষার্থীকে মাতৃভাষা এবং গণিতে দক্ষ করে তুলতে হবে। একজন শিক্ষার্থী মাতৃভাষায় দক্ষতা অর্জন করতে পারলে অন্য ভাষা বা যেকোনো শাস্ত্র তার জন্যে সহজ হয়ে যাবে। এরফলে মজবুত ভীতের উপর দাঁড়িয়ে পরবর্তী শিক্ষা জীবনে সফলতা অর্জন করা সম্ভব হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্ব দক্ষতায় বিদ্যালয় সফলতা লাভ করে। পাশাপাশি অভিভাবকরা এবং স্থানীয় কমিউনিটির সাথে প্রধান শিক্ষকরা সুসম্পর্ক বজায় রেখে চলবেন।

এর আগে উপদেষ্টা সকালে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রুম টু রিড’ এর কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।