সাইপ্রাসে ছাদ থেকে পড়ে সৌরভ (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ২টার দিকে স্থানীয় একটি বহুতল ভবনে নির্মাণকাজ করার সময় এ ঘটনা ঘটে।

সৌরভ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আরঙ্গাইল গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রশিদ মাস্টারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স্ত্রী ও শিশুসন্তানকে রেখে জীবিকার তাগিদে সাইপ্রাসে যান সৌরভ। মোবাইল ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবরটি ভোরের দিকে পরিবারকে জানানো হয়।

পরিবারের সদস্যরা জানান, সৌরভ নিয়মিত কাজের পাশাপাশি অতিরিক্ত সময়েও পরিশ্রম করতেন পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে। মোবাইল ফোনে মৃত্যুর খবর পৌঁছানোর পরই গ্রামে নেমে আসে শোকের মাতম।

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, ‘সৌরভের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের সাথে যোগাযোগ করে তার লাশ দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করা হবে।’