গাজীপুরের শ্রীপুরে ডাকাতের হামলায় নিহত সিএনজি অটোরিকশা চালক আবুল কালামের (৪০) পরিবারের সদস্যদের বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনগত সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামে নিহত সিএনজি চালকের পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষিয়ক সম্পাদক অধাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু এ সহায়তা প্রদান করেন।
নিহত সিএনজি চালক আবুল কালাম ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। স্থানীয় সমাজ সেবক আব্দুল হেকিম ও তার দুই ভাই পরিবারটিকে পাঁচ শতাংশ জমি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
দলের জেলা ভিত্তিক নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা সহায়তা সেলের গাজীপুর জেলার প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা: এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, যাত্রীসহ সিএনজি আটকে ডাকাতি করতে বাধা দেয়ায় চালককে হত্যা করে ডাকাতদল। এত বড় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ডাকাতের হাতে নিহত হওয়ার খবর পেয়ে আমরা পরিবারটির পাশে থাকতে এখানে এসেছি। পরিবারটিকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। হত্যার বিচার পরিচালনার জন্য বিএনপির পক্ষ থেকে আইনগত সহায়তাও দেয়া হবে। পরিবারটির ভিটেমাটি বলতে কিছুই নেই, অন্যের জমিতে বসবাস করে।
নিহতের স্ত্রী পারুল আক্তার জানান, অন্যের জমিতে ৪০ বছর যাবৎ বসবাস করে আসছেন তারা। সিএনজি চালিয়ে ৮ সদস্যের পরিবার নিয়ে ছিল সুখের সংসার। দিনে ছেলে এবং রাতে আমার স্বামী সিএনজি চালাতো।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য ও ইউসিসিএর (বিআরডিবি) সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, আবদুল হান্নান সজল, সাংবাদিক বশির আহমেদ কাজল, বিএনপির নেতা রমজান আলী প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শ্রীপুরের এমসি বাজার-বরমী সড়কের সাতখামাইর এলাকায় শালবন ভেতর ডাকাতির ঘটনাটি ঘটে। এ সময় বাধা দেয়ায় ডাকাত সদস্যেদের এলাপাতাড়ি কোপে সিএনজি চালক আবুল কালামের মৃত্যু হয়।