ময়মনসিংহের তারাকান্দা ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে চলমান এইচএসসি পরীক্ষায় ওএমআর শিট পূরণ করার অভিযোগে দুই শিক্ষক আটক হয়েছেন। ঘটনায় তাদের সাময়িক বহিষ্কার করে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো: জয়নাল আবেদীন খোকা ও গণিত বিভাগের প্রভাষক মো: হাবিবুর রহমান।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন জানান, গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ করে দেয় ওই দুই শিক্ষক। ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়লে এর সত্যতা স্বীকার করেন তারা। এ ঘটনায় ওই শিক্ষকদের আটক করে থানা হেফাজতে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, অভিযুক্তদের ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার পাশাপাশি বিভাগীয় মামলা করে বরখাস্তের প্রস্তাব পাঠানো হবে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, দুই শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ দায়ের হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।