রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রলির চাপায় প্রণয় সরকার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া মেলার মাঠের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত প্রণয় সরকার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

প্রণয় সরকারের ভাই প্রদীপ সরকার জানান, প্রণয়ের চাচা রমা প্রসাদের বিয়ের বৌভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় জিনিস আনতে তিনি মোটরসাইকেলে করে বাড়ি থেকে জামালপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় জামালপুর-কোলারহাট সড়কের নলিয়া মেলার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রলি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রণয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালক ট্রলি নিয়ে পালিয়ে গেছে।’