চট্টগ্রামের লোহাগাড়ায় কাঠবোঝাই একটি জিপের চাকা মেরামত করার সময় গাড়িটির নিচে চাপা পড়ে এর হেলপার মো: তারেকুল ইসলামের (২৩) মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম কলাউজান বাংলাবাজারের দক্ষিণে বাহাদুরপাড়া ব্রিক ফিল্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারেকুল ইসলাম পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহঁরচান্দা এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কাঠবোঝাই জিপ গাড়িটির চাকা পরিবর্তন করার সময় গাড়ির নিচে স্থাপন করা জ্যাক (টুল বিশেষ) হঠাৎ সরে যায়। এসময় তারেকুল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

লোহাগাড়া থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’