লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাইজ উদ্দিন দেওয়ান (৪৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। এ সময় তিনটি বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট এবং অন্তত ১৫ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বেড়ি ও বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইজ উদ্দিন উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাষিয়া গ্রামের বাসিন্দা। তিনি তিন মাস আগে স্পেন থেকে দেশে ফিরেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষক দলের সদস্য সচিব জি এম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ওই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত করা হয়।

আরো জানা যায়, সোমবার আবারো কৃষক দল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফারুক গাজীর লোকজন অপর পক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও ১৫ জন আহত হন। ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকায় নেয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, ‘হাসপাতালে আনার আগেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাম পায়ে জখমের চিহ্ন রয়েছে।’

রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘তিন মাস আগে আধিপত্য নিয়ে সংঘর্ষে আমরা ওই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করেছি। এখন আবারো সংঘর্ষে এক বিএনপিকর্মী মারা গেছে।’

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো: জামিলুল হক বলেন, ‘সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’