খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির টহলদলের সাথে সশস্ত্র চোরাকারবারীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে চারটি অস্ত্র, ১৪ রাউন্ড অ্যামুনিশন, পাঁচ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: খালিদ ইবনে হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল তবলছড়ি ইউনিয়নের দেওয়ানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সিংহপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে পাঁচ থেকে ছয়জনের একটি সশস্ত্র চোরাকারবারী দল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্যাকপ্যাক উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যাগ থেকে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, একটি ৯ মিলিমিটার পিস্তল, দুইটি ১২ বোর এলজি পিস্তল, ১৪ রাউন্ড অ্যামুনিশন, পাঁচ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

বিজিবি আরো জানায়, জব্দ করা অস্ত্র ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে সশস্ত্র চোরাকারবারীরা আভিযানিক দলকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে চোরাকারবারীরা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।