ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রতন মিয়া (৪৫) নামে এক বাবার মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার দীঘা পুলিয়াদি গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃত রতন মিয়া ওই গ্রামের মো: সোহরাবের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী মেয়ে রিক্তা আক্তার (১৬) বুধবার দুপুরে কালবৈশাখী ঝড়ের পর বাড়িতে পানি তোলার মটরের সুইচ অন করেন। মটরের সংযোগ দেয়া তারে ত্রুটির কারণে পানির কলের পাশের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে যাওয়ায় রিক্তা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
এ সময় রিক্তার মা চিৎকার শুরু করলে মেয়েকে বাঁচাতে ছুটে আসেন বাবা রতন মিয়া। বিদ্যুতায়িত টিনের বেড়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।