বরিশাল সংস্কৃতিকেন্দ্র আয়োজিত শেরে বাংলার ৬৩তম মৃত্যুবার্ষিকীতে পাঠ্য বইয়ে শেরে বাংলার জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।

রোববার (২৭ এপ্রিল) বরিশাল সংস্কৃতি কেন্দ্রের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: মোসলেম উদ্দিন সিকদার।

বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহ-সভাপতি মো: আবদুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মাহবুবুল হক।

এছাড়া শেকড় সাহিত্য সম্পাদকের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা ও কলামিস্ট মাহমুদ ইউসুফ, জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সেক্রেটারি কবি জামান মনির প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের বর্ণাঢ্য কর্মময় জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে।’

বক্তারা আরো বলেন, ‘শেরে বাংলা শতাধিক বছর আগে প্রাথমিক শিক্ষাকে জাতীয় করণ করার জন্য সংগ্রাম করেছিলেন। সেই সংগ্রামের আশি বছর পর ১৯৯৩ সালে তার সেই দাবি বাস্তবায়ন করেছে তৎকালীন বিএনপি সরকার। মানুষের জীবন মান উন্নয়নে তার অবদান চির স্মরণীয় হয় থাকবে।’