জামালপুরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ১৫ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
শনিবার (২৭ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জামালপুর-শেরপুর মহাসড়কের উত্তর কুটুরিয়া এলাকায় চেকপোস্ট তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বড়টোডা বিশনাউড়ি গ্রামের আক্তার হোসেন (৪৫), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকার মিন মোক্তার (মনির হোসেন) (৪৬), বিল্লাল হোসেন (৫৫) ও প্রাইভেটকারের চালক সাগর (৩০)।
প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, শেরপুর থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা জামালপুরে আনা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে উত্তর কুটুরিয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়।
এ সময় একটি সাদা রঙের টয়োটা প্রোবক্স প্রাইভেটকার থামানোর সংকেত দিলে যাত্রীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে।
পরে উপস্থিত লোকজনের সামনে গাড়ি তল্লাশি করে গাড়িটির গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষ প্রক্রিয়ার তৈরি স্টিলের গোপন চেম্বার থেকে খাকি কাগজে মোড়ানো ছয়টি প্যাকেটে (১৫ কেজি গাঁজা) উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহকারী চক্র ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদককারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’