চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ লিমন আলী (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১ জুন) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লিমন আলী চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া-সংলগ্ন এতিমখানা রোডের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশী ৯-এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি অ্যামুনিশন, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।