সারাদেশেই উদ্যোক্তায় নারীদের অংশগ্রহণ বাড়ছে। তবে এ সংখ্যা দেশের মধ্যে রংপুর বিভাগে বেশি বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
শনিবার (১২ এপ্রিল) মন্ত্রণালয়ের তথ্য আপার আয়োজনে ই কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মমতাজ আহমেদ বলেন, ‘দেশের শ্রম শক্তিতে ২০২২ সালে নারীর অংশগ্রহণ ছিল ৩৬ দশমিক ৩ শতাংশ। ২০২৫ সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৬৮ শতাংশ। একক বিভাগ হিসেবে রংপুর বিভাগের অংশগ্রহণ সবচেয়ে বেশি। নারীদের উদ্যোক্তা তৈরিতে তথ্য আপার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।’
ডিডিএলজি ময়নুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন তথ্য আপা প্রকল্পের প্রকল্প পরিচালক শাহানা শারমিন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহনাজ বেগম নিনা। এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন ই ক্যাবের সিনিয়র ট্রেইনার সৈয়দ রাকিবুল হক।
সেমিনারে রংপুর বিভাগের আট জেলার নারী উদ্যোক্তাদের সাথে ইউএনও, মহিলা অধিদফতর কর্মকর্তা ছাড়াও জেলা ও উপজেলা তথ্য আপারা অংশ নেয়।