জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা বিএনপিকে নিশ্চিহ্ন করে দেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হয়নি। আরো সংগঠিত ও শক্তিশালী হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে ৪৮ বছর আগে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই ছিল এ দলের মূল লক্ষ্য। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি ও অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, ১৯৮১ সালে পরিকল্পিতভাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করা হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এরপরও জিয়া পরিবার দেশের জনগণের পাশে রয়েছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ‘গণতান্ত্রিক বাংলাদেশ’। সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়াই তারেক রহমানের লক্ষ্য। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

জেলা বিএনপির সদস্য ও হুইপ দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই নাটোরে দলটির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। কিন্তু কোনো দমন-পীড়নই বিএনপিকে দুর্বল করতে পারেনি। এতে দলটি আরো শক্তিশালী হয়েছে। তিনি দমন-পীড়নের রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে সড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।