আশুলিয়ায় মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ‘আলোকিত গুমাইল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা দেয়া হয়।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনটি বিশেষ করে গুমাইল গ্রামের কৃতি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহ ও উৎসাহ দেয়ার লক্ষ্যে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও আমন্ত্রণ জানানো হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তক অধ্যাপক মো: শহীদুল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী শফিক সরকার, আবদুর রউফ মিয়া, শিল্প উদ্যোক্তা মো: আলী, মো: লিটন, লুৎফর রহমান, নুরুল ইসলাম, সাইদুল পলান, মো: মাসুদ, আলী হোসেন, আসাদ সরকার, মো: ইমন পলান প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শাহেদ মতিউর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সন্তানদের শুধু শিক্ষার পেছনে দৌঁড়ালেই হবে না, তাদেরকে সঠিক ইসলামী ও নৈতিক শিক্ষার দিকেও মনোযোগ দিতে হবে। আর এ জন্য অভিভাবকদের আরো বেশি সচেতন হয়ে সন্তানদের নৈতিক শিক্ষার দিকেও মনোযোগ বাড়াতে হবে।

বক্তারা আরো বলেন, মেধাবীদের হাতেই আগামী দিনে দেশের নেতৃত্ব আসবে। প্রচলিত রাজনীতির ধারা থেকে দেশের মানুষ এখন ক্রমেই মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ এখন শ্লোগানের পরিবর্তে বাস্তব কাজে বিশ্বাসী। তাই আগামী দিনে দেশের নেতৃত্বে তারাই আসবে যারা দেশের তরুণ মেধাবী সমাজের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে রাজনীতির মাঠে সরব থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একজন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি তোমাদের একজন ভালো মানুষও হতে হবে। তবেই তোমরা সমাজের জন্য ভালো কিছু করতে পারবে। অন্যথায় নিজে যোগ্য হয়েও তোমরা সমাজের জন্য কল্যাণকর কোনো কিছু করতে পারবে না।

অনুষ্ঠানে আমন্ত্রিত অভিভাবকগণও তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। একইসাথে কৃতি শিক্ষার্থীরাও তাদের আগামী দিনের পড়ালেখার বিষয় ও পরিকল্পনা নিয়েও বক্তব্য প্রদান করেন।