সিলেটের দক্ষিণ সুরমায় টিলা ধসে সুমন আহমদ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন আহমদ (৩০) সিলাম ইউনিয়নের রুস্তমপুর টিলাপাড়ার রজব আলীর ছেলে।
মোগলাবাজার থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মোহাম্মদপুর পশ্চিম পাড়ায় টিলার মাটি কেটে গাড়িতে তোলার সময় পাশের একটি টিলা ধসে মাটির নিচে চাপা পড়েন সুমন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’