কিশোরগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় আবু তাহের (৬৫), আবুল কাসেম (৭১) ও নূর ইসলাম (৭০) নামে তিন সিএনজির যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে আবু তাহের ও আবুল কাসেম দুই ভাই। তারা কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মধু মিয়ার ছেলে। এছাড়া নিহত নূর ইসলাম একই ইউনিয়নের ভাটি জগৎচর গ্রামের সুন্দর আলীর ছেলে বলে জানা গেছে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মামলাবিষয়ক কাজে নূর ইসলাম, আবু তাহের ও আবুল কাসেম এই তিনজন কুলিয়ারচর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জ জেলা শহরে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় পেছন দিক থেকে একটি পিকআপ সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে আবু তাহেরের মৃত্যু হয়।

এছাড়া নূর ইসলাম ও আবুল কাসেমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তাদের মধ্যে আবুল কাসেমকে ঢাকা মেডিক্যালে এবং নুর ইসলামকে ময়মনসিংহ মেডিক্যালে নেয়ার পথে মারা যান।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘দুর্ঘটনার কোনো তথ্য আমাদের জানা নেই।’