চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় সীমান্ত নাথ (২৪) নামে এক যুবক এবং সাদিয়া ইয়াসমিন জুথি (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মিঠাছরা ও রাত সাড়ে ৮টার দিকে বড়তাকিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মিঠাছরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে সীমান্ত নাথ এবং উপজেলার নিজামপুর এলাকার ইয়াসিনের স্ত্রী এসএসসি পরীক্ষার্থী সাদিয়া ইয়াসমিন জুথি।

নিহত সীমান্ত নাথের স্বজন রুপন চন্দ্র নাথ জানান, শুক্রবার বিকেলে সীমান্ত মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডে তার এক স্বজনের সাথে দেখা করতে যাচ্ছিল। পথিমধ্যে মিঠাছরা বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়ি থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ‘সীমান্তের জোরারগঞ্জ আবুরহাট সড়কে একটি ফ্রিজ মেকানিকের দোকান রয়েছে। এতো তারাতারি তাকে হারিয়ে ফেলবো কখনো চিন্তা করিনি।’

যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: ফাহিম ফেরদৌস বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে সীমান্ত দেবনাথ নামের সড়ক দুর্ঘটনার একজন রোগী হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়।’

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘শুক্রবার বিকেলে নিজের মোটরসাইকেল (চট্ট মেট্রো-হ ১৮-৭২৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেব নাথ নামের একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’

এদিকে একইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়তাকিয়া বাইপাস এলাকায় বাসের ধাক্কায় সাদিয়া আফরিন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

আফরিনের স্বামী ইয়াসিন জানান, শুক্রবার আমার বাসা থেকে সাদিয়া ইয়াসমিন জুথি বড়তাকিয়া দুয়ারু এলাকায় তার নানু বাড়ি যাচ্ছিল। বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশাযোগে যাওয়ার পথে বাসের ধাক্কায় সে মারা যায়। এক ছোট ভাই আমাকে খবর দেয়। সে এবার আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

ফৌজদারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বড়তাকিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনায় একজন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।