চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬-বিজিবি) অধীন দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৭৬-এর কাছে শূন্যরেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি-৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান এবং ভারতের পক্ষে ছিলেন বিএসএফ-৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার।
বৈঠকের শুরুতে দু’দেশের প্রতিনিধিরা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বিজিবি অধিনায়ক সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকদের পুশইনের ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তা বন্ধে বিএসএফ কমান্ড্যান্টকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানান।
তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের ঘটনা একদিকে সীমান্ত আইন এবং অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। যদি কোনো বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠাতে হয়, তাহলে তার তালিকা বিজিবির কাছে হস্তান্তর করতে হবে এবং জাতীয়তা নিশ্চিত করার পর যথাযথ প্রক্রিয়ায় প্রত্যাবাসন করা হবে।’
বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট বিজিবির প্রস্তাবের সাথে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে সীমান্তে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষ সীমান্ত হত্যা রোধ, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে একমত হন। একইসাথে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং যে কোনো সীমান্ত সংশ্লিষ্ট ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে উভয় কমান্ডার মেইন পিলার-৭৬ পরিদর্শন করেন। বৈঠকটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।