চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবিদ ও বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিবিজড়িত শতবর্ষী মামাবাড়িটি ভেঙে ফেলা হচ্ছে।
১৯১৬ সালে নির্মিত প্রায় ১১০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী বাগানবাড়িটি বিলুপ্তির মাধ্যমে অঞ্চলটির ইতিহাস ও ঐতিহ্যের আরো একটি গুরুত্বপূর্ণ স্মারক চিরতরে হারিয়ে যেতে বসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিংশ শতাব্দীর শুরুর দিকে কর্মজীবনের প্রারম্ভে হাটবোয়ালিয়া ও এর আশপাশের অঞ্চলে অবস্থানকালীন বিচারপতি রাধাবিনোদ পাল এই ভবনে দীর্ঘদিন যাতায়াত ও অবস্থান করেন। স্থানীয়ভাবে ভবনটি তার ‘মামাবাড়ি’ হিসেবেই পরিচিত ছিল। তৎকালীন সময়ের বহু ঐতিহাসিক ও রাজকীয় স্মৃতির সাক্ষী হিসেবে দাঁড়িয়ে ছিল প্রাচীন এই স্থাপত্যটি।
ভবনটি ভাঙার বিষয়ে বর্তমান মালিকপক্ষের দাবি, ১১০ বছরের পুরনো এই স্থাপনাটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকায় নিরাপত্তার স্বার্থেই তা অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পুরনো ভবনটি ভেঙে ফেলে সেখানে আধুনিক ভবন নির্মাণ করা হবে বলে জানান তারা।
স্থানীয় বয়োজ্যেষ্ঠ বাসিন্দাদের মতে, ভবনটি ভেঙে ফেলার ফলে অল্প কিছুদিনের মধ্যেই ইতিহাসের পাতা থেকে মুছে যাবে শতবর্ষের এই ঐতিহাসিক স্মৃতি।
এদিকে, চুয়াডাঙ্গার অন্যতম প্রাচীন এই স্থাপনাটি সংরক্ষণের কোনো উদ্যোগ না নিয়ে তা ভেঙে ফেলার ঘটনায় গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক, ইতিহাস-গবেষক ও ঐতিহ্যপ্রেমীরা।
তাদের অভিমত, প্রশাসনিক কিংবা সরকারিভাবে সময়মতো সঠিক সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা নেয়া হলে এই ঐতিহ্যবাহী স্মৃতিচিহ্নটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা সম্ভব হতো।