বরিশালের উজিরপুরে শিল্পী হাওলাদার (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গজেন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী হাওলাদার শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের প্রভাষক অরুণ হাওলাদারের স্ত্রী।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে শিল্পী হাওলাদারের ১৭ বছর বয়সী ছেলে জিত মায়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে স্বজনদের খবর দেয়া হয়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। দ্রুত তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সুশান্ত বাড়ৈ বলেন, তার বোনের স্বামীর কথিত পরকীয়ার কারণে দীর্ঘদিন ধরে সংসারে অশান্তি চলছিল। সেই মানসিক চাপ থেকেই তার বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের ধারণা।

এ বিষয়ে জানতে অরুণ হাওলাদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।