ভোলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে।’
আজ শনিবার দুপুরে ঢাকা থেকে ভোলায় তিন দিনের সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকা সিটির সাবেক মেয়র মরহম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহন করতে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন বিজেপি চেয়ারম্যান পার্থ।
এ সময় তিনি আরো বলেন, ‘ডক্টর ইউনুস গ্লোবাল এসেড। গ্লোবালে যে কয়েকজন পারসোনালিটি ব্যাক্তি রয়েছেন উনি তার মধ্যে অন্যতম। আমরা আশা করি, ডক্টর ইউনুস আমাদের দেশেকে পজেটিভলি ভালো কিছু নিয়ে আসবে।’
পার্থ বলেন, ‘ইউনুস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। জনগণের ভোট ধারা নির্বাচিত সরকার না। তবে জনগণেরর সরকার। আমরা সবাই এই সরকার যেন ফেল না করে তাই এই সরকারের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার।’
পার্থ আরো বলেন, ‘সংস্কার প্রয়োজন। তবে বড় সংস্কারগুলো জনগণের প্রতিনিধির মাধ্যমে হয়। এজন্য আমরা ইউনুস সরকারকে সাহায্য করছি। যদি বড় বড় রাজনৈতিক দলগুলো একমত পোষণ করে তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে ব্যাপারে আমরা আশাবাদী।’
এর আগে দলীয় হাজার হাজার নেতাকর্মী প্রিয়নেতাকে বরণ করতে ইলিশা লঞ্চঘাট এলাকায় উপস্থিত হন। রোববার মরহুম নাজিউর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিক পালিত হবে।