রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মাসুদ মোল্লা গোবিন্দপুর গ্রামের মরহুম আজিম উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, মাসুদের কিছুটা মানসিক সমস্যা ছিল। একইসাথে পারিবারিক কলহও ছিল। সকালে নিজ গ্রামে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
তবে স্থানীয়দের ধারণা, ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
রাজবাড়ি রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।