নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে নদী ভাঙন রোধে ব্লক স্থাপন, বামনী নদীতে বাঁধ নির্মাণ ও বামনী রেগুলেটর চালু করার দাবিতে মানববন্ধন করছে এলাকাবাসী।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের চর কচ্ছপিয়ার নদী ভাঙন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে চরএলাহী ও পাশের চরফকিরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজারো নারী-পুরুষ চর কচ্ছপিয়ার নদী ভাঙন এলাকায় জড়ো হন। এ সময় তাদের হাতে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেস্টুন দেখা যায়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আইয়ুব আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।
এ সময় বক্তারা উপজেলার চরএলাহী ইউনিয়নে নদী ভাঙন রোধে ব্লক স্থাপন, বামনী নদীতে ক্লোজার (বাঁধ) নির্মাণ ও বামনী রেগুলেটর চালু করার জোর দাবি জানান।
নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: হালিম সালেহী বলেন, ‘বামনী নদীর বাঁধ নির্মাণের একটি প্রকল্পের সম্ভাবতা যাছাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যে সেখানে বাঁধ দিয়ে আলগীর খালকে বিকল্প খালের সাথে যুক্ত করে ১৯ ভেন্ট বামনী রেগুলেটরটি খুলে দেয়ার চেষ্টা করছি।’