মাদারীপুরের রাজৈরে বাঁশবোঝাই ট্রাক উল্টে আবুল হোসেন মণ্ডল নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

রোববার (২১ জুন) রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক আবুল হোসেন নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মরহুম জফির উদ্দিন মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়ামারি সীমান্ত এলাকা থেকে ট্রাকে বাঁশবোঝাই করে বরগুনা যাচ্ছিলেন চালক আবুল হোসেন। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের টেকেরহাট এলাকায় পৌঁছালে পেছনের চাকা ফেটে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যান। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, সকালে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ট্রাকটি রাখা হয়েছে।