বরগুনার পাথরঘাটায় দেড় কেজি ওজনের একটি ইলিশ মাছ ৪ হাজার ৮৮২ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের শাম্মি মৎস্য আড়ত থেকে মাছটি কিনে নেন মৎস্য পাইকার মো: শিমু।

এর আগে, রোববার দিবাগত রাতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে জেলের জালে মাছটি ধরা পড়ে।

বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার মো: শিমু জানান, সকালে বিএফডিসি মৎস্য ঘাটের আড়তদার সাইকুল ইসলামের মেসার্স শাম্মি মৎস্য আড়তে বলেশ্বর নদীতে ধরা পড়া মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয়। নিলামে ইলিশটির প্রতি মণের দাম ওঠে ১ লাখ ৪০ হাজার টাকা। পরে ওই দামে নিলামের মাধ্যমে মাছটি কিনে অধিক লাভের আশায় গোপালগঞ্জের কাশিয়ানী বাজারে বিক্রির জন্য পাঠানো হয়।

তিনি জানান, সোমবারের পাইকারি বাজারের নিলামে বড় ইলিশটির চাহিদা ছিল বেশ ভালো। পরে মাছটির মূল্য দাঁড়ায় ৪ হাজার ৮৮২ টাকা।

স্থানীয় জেলেরা জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর একের পর এক নিম্নচাপ চলছে। এ কারণে বেশির ভাগ জেলেই মাছ শিকার করতে পারছেন না। এমন পরিস্থিতিতে মাছ ধরতে গিয়ে জালে বড় ইলিশটি ধরা পড়ায় তারা খুশি। তবে গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন না। আশা করছি, সামনের দিনগুলোতে আরো বেশি ইলিশ মাছ ধরা পড়বে।