সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের ‘প্রেস’ ঢাকায় স্থানান্তর করা হবে না বলে সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির খাদ্য উপদেষ্টার কাছে দাবি জানালে তিনি এ আশ্বাস প্রদান করেন।
এর আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা প্রেস স্থানান্তর না করতে চেষ্টা তদবির চালিয়ে যান। গণমাধ্যমে বিবৃতি ও বক্তব্য দিয়ে তারা কড়া বার্তা দেন সংশ্লিষ্ট মহলকে।
সম্প্রতি প্রেস ঢাকায় সরিয়ে নেয়ার উদ্যোগে সিলেটজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন গণমাধ্যমে সিলেটবাসীর এই জনগুরুত্বপূর্ণ দাবি ফলাও করে উঠে আসে।
সিলেট অঞ্চলের প্রবাসী ও স্থানীয় জনগণের জন্য এ প্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই দ্রুত খতিয়ান ছাপার কাজ সম্পন্ন হয়। এতে বহুদিনের ভোগান্তি কমেছে। কিন্তু এখনো বিভিন্ন মৌজার কাজ অসমাপ্ত থাকায় প্রেস ঢাকায় স্থানান্তর করা হলে সিলেটবাসী ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে।
জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বিষয়টি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি উপদেষ্টার দায়িত্ব পালন করা আলী ইমাম মজুমদারকে এই অনুরোধ করেন। এ সময় তিনি সিলেটবাসীকে নিশ্চয়তা দেন, প্রেস ঢাকায় নেয়ার কোনো পরিকল্পনা সরকার বাস্তবায়ন করবে না।
সিলেটের স্বার্থে এ আশ্বাস দেয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটবাসীর পক্ষ থেকে খাদ্য উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ দিয়েছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।