কিশোরগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ও দুপুরে জেলা শহরের শোলাকিয়া ও সদর হাসপাতালের সামনে দুর্ঘটনা দু’টি ঘটে।

শোলাকিয়া এলাকায় নিহত হয়েছেন কলেজছাত্রী উর্মি শিখা (১৯)। তিনি গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা মহরম আলী শোলাকিয়া বনানী মোড় এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী।

অন্যদিকে, সদর হাসপাতালের সামনে নিহত হয়েছেন পাগলা মসজিদের মক্তবের শিক্ষক ও জেলা প্রশাসকের ডাক বাংলো মসজিদের ইমাম আলী আকবর (৪২)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের সাইফুদ্দিন আহম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন কলেজছাত্রী উর্মি শিখা। এ সময় একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন আলী আকবর। এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন দু’টি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমামকে ধাক্কা দিয়ে অটোরিকশাটি পালিয়ে গেলেও কলেজছাত্রীকে চাপা দেয়া অটোরিকশাটি আটক করা হয়েছে।