বরিশালের উজিরপুরে যুবদলের যুগ্ম আহ্বায়ক জালিছ মাহমুদ মৃধা নামে এক যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ভুক্তভোগী এক নারী বাদি হয়ে উজিরপুর থানায় মামলা করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে মডেল থানার মামলা করেন।
স্থানীয় ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার শিকারপুর বন্দরের একটি দোকানের সামনে জয়শ্রীর বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীর কাছে জালিছ মাহমুদ নগদ তিন লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় ওই নারী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়।
এ ঘটনায় যুবদল নেতা জালিছের চাঁদা দাবির একটি রেকর্ডিং ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, অভিযুক্ত জালিছের নামে রয়েছে একাধিক চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি, দখল বাণিজ্যসহ অর্ধশতাধিক অভিযোগ। সম্প্রতি শিকারপুর বন্দরের এক বীর মুক্তিযোদ্ধার দোকান ঘরে বিএনপির ব্যানার সাটিয়ে দখল করার অভিযোগও পাওয়া যায় তার বিরুদ্ধে। পরিবারটি স্বরাষ্ট্র উপদেষ্টার শরণাপন্ন হলে ভুক্তভোগী তার দোকানঘর ফিরে পান।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, ‘মামলা করার পর আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে জালিছ মাহমুদ। পুলিশকে অবহিত করলেও রহস্যজনক কারণে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমি পরিবারের নিরাপত্তা চাই। জালিছের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা জালিছ মৃধার সাথে যোগাযোগের জন্য মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ‘এক প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগে একটি মামলা করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’