পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়া বাজারে খুঁজে পাওয়া ৩ বছর বয়সী শিশু ইব্রাহিমের ঠাঁই হচ্ছে চট্টগ্রামের ছোটমনি নিবাসে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে বাজারে ঘুরাফেরা করতে থাকা শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া থানা পুলিশের হেফাজতে দেয়।
এসময় তার কাছ থেকে মাতা-পিতার নাম ঠিকানা জানতে চাইলে সে তার নিজের নাম মো: ইব্রাহিম ব্যতিত অন্য কিছু বলতে পারেনি।
এদিকে পটিয়া থানা পুলিশ তার পরিচয় সনাক্তে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচারনামূলক পোস্ট দিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চালায়। এ রিপোর্ট পাওয়া লেখা পর্যন্ত তার পরিবার বা স্বজনদের কোনো পরিচয় সনাক্ত না হওয়ায় ২৮ মার্চ শক্রবার দুপুরে তাকে পটিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের হেফাজতে দেয় পটিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মো: আসাদ।
পটিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ জানান, পটিয়া থানা থেকে উদ্ধার হওয়া শিশুটির তথ্য প্রাপ্তির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের পরিচালনাধীন চট্টগ্রাম রৌফাবাদ ছোটমনি নিবাসে প্রেরণ করা হচ্ছে। পরিবারের খোঁজখবর না পাওয়া পর্যন্ত ইব্রাহিম ওখানেই থাকবেন।