দিনাজপুরের ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ফুলবাড়ীতে মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ দু’জন এবং নবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর থেকে একটি মোটরসাইকেলে করে দু’জন ঢাকায় যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন কাহারোল উপজেলার রামপুর জগন্নাথপুর এলাকার আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) ও একই এলাকার মোতালেব (৩৩)।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ কাজ করছে।

নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। লাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে সোমবার (১৬ জুন) রাত ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-বাজিতপুর ব্রিজের পূর্ব পার্শ্বে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক আলম মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নিহত আলম মিয়া পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর প্রধানপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।