যশোরের শার্শা উপজেলায় পান ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে সবুজ হোসেন (২৮) ও টিটু মিয়া (২৩) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হাঁসুয়া ও ছুরি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক সবুজ হোসেন শার্শা উপজেলার গোঁড়পাড়া গ্রামের সর্দারপাড়ার মরহুম মকছেদ আলীর ছেলে এবং টিটু মিয়া একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ টাকা সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। ফকিরতলা বিশ্বাসবাড়ির কাছে পৌঁছালে ওই দুই যুবক তার পথ রোধ করে। এ সময় তারা হাঁসুয়া ও ছুরি উঁচিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।
খবর পেয়ে গোঁড়পাড়া ফাঁড়ির টহলরত পুলিশ সাথে সাথে অভিযানে নেমে দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাঁসুয়া ও একটি ছুরি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে আজ রোববার আদালতে তোলা হবে।’