দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সবুজ রায় (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে গাছের সাথে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
সোমবার উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)-এর উত্তর পাশে পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ রায় উপজেলার ২ নম্বর সাতনালা ইউনিয়নের নাতিপ পাড়ার সুনীল চন্দ্র রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘটনাস্থলে সবুজ রায়কে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহালের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের দাবি, লাশ উদ্ধারের সময় তার পা মাটির সাথে ছিল এবং শরীর প্রায় বসা অবস্থায় ছিল।
নিহতের মা চঞ্চলা রাণী রায় জানান, ভালোবাসা করে প্রায় দুই বছর আগে উপজেলার রাজাপুর গ্রামের কৃষ্ণা রায়কে বিয়ে করেন সবুজ। স্বামী-স্ত্রী দুইজনেই ফতেজংপুর দেবীগঞ্জ ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)-এ চাকরি করতেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা ছিল না। তারা ইপিজেডসংলগ্ন এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
চঞ্চলা রাণী রায়ের অভিযোগ, পুত্রবধূর পরকীয়ার কারণে তার ছেলেকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবার ও প্রতিবেশীরাও সবুজকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।