কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গ্রেফতার আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার রইচ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী প্রকৃতির ঢাকে বাথরুমে যায়। এ সময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বের হয়ে আসে এবং বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিাকে জানায়। পরে এ বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি ধামাচাপা দিতে প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর্যন্ত দেনদরবার করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহ করতেও বাধা দেন তারা।
পরে পুলিশ খবর পেয়ে মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে আটক ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামূল হক প্রধান জানান, গ্রেফতার শিক্ষক মোতালেবকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। আর ভিকটিম থানা হেফাজতে আছে।