হাতিয়ায় জাতীয় নাগরিক পাটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে প্রতিবাদ কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার পর উপজেলার জাহাজমারা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির পথসভায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নেয়ামত উল্ল্যাহ নিরব, ওসমান, তুহিন নামের তিনজন আহত হওয়ার খবর পওয়া গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মো: ইউছুফ জানান, সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে আব্দুল হান্নান মাসুদের বক্তব্য চলছিল। এ সময় ৩০ থেকে ৪০ জনের একটি গ্রুপ এসে আব্দুল হান্নান মাসুদের পথ সভায় বাধা দেয়। পরে হান্নানের সাথে থাকা লোকজন তাদের ধাওয়া দেয়। এ ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের দায়ি করেন।

জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, ‘সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি বাজার প্রদক্ষিণকালে আব্দুল হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজনা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আব্দুল হান্নান মাসুদ তার সাথে থাকা নেতা-কর্মীদের নিয়ে পথসভায় বাধা দেয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘সংবাদ পেয়ে আমি জাহাজমারার উদ্দেশে রওনা হয়েছি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাব। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।’