চুয়াডাঙ্গায় তরমুজ ক্রয়কে কেন্দ্র করে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় আহত যুবক নিপুন সাহা (২৪) মারা গেছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার টাউন ফুটবল মাঠের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েকজন হামলাকারী দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা বড় বাজারে তরমুজ কেনাবেচা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বিরোধ শুরু হয়। বিক্রির পর তরমুজ সাদা বের হওয়ায় ক্রেতা তা ফেরত দিতে চাইলে বাকবিতণ্ডা হয়। ওই রাতেই বিক্রেতা রুবেল ইসলাম রুবু ও আমিরুল ইসলামকে কেউ কুপিয়ে আহত করে।
নিপুনের পরিবারের দাবি, নিপুন ওই ঘটনায় রুবেল ও আমিরুলের পক্ষ নেয়ায় শনিবার রাতে প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরমুজ কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এই হামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।