ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে লালমনিরহাটের কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে (১২) বাড়ির পাশে তিস্তাচরের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে মুখে মাটি গুঁজে হত্যা করেছিল অভিযুক্ত যুবক বেলাল হোসেন (২৪)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর জান্নাতি হত্যার রহস্য সম্পর্কে এ তথ্য জানান।
নিহত ওই শিক্ষার্থী উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে। তিনি স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গ্রেফতার হওয়া যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, ‘গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ওই শিক্ষার্থীর প্রতিবেশী মামা বেলাল হোসেন বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে একা পেয়ে তার শরীরের স্পর্শ কাতর জায়গায় হাত দেয় বেলাল। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। পরে সেখানে মুখে মাটি গুঁজে শ্বাসরোধ করে হত্যা করা হয়।’
এ ঘটনায় নিহতের বাবা কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় বেলালকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত বেলাল হোসেন। বেলাল বর্তমানে জেলহাজতে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে ওই শিক্ষার্থীকে হত্যায় চাঞ্চল্যকর ঘটনার পর পুরো জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতের আমির ডা: শফিকুর রহমান নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন। একইসাথে আর্থিক সহযোগিতার পাশাপাশি পরিবারকে আইনি ও সর্বাত্মক সহযোগিতার ঘোষণা করেছেন দলটির আমির।
এছাড়া বিএনপি ও বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠন ওই শিক্ষার্থী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে আন্দোলন করছেন।