যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দের জেরে ছেলের হাতে বাবা শরিফুল ইসলাম (৪২) খুন হয়েছেন।

আজ শনিবার ভোরে উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাতিবিলা গ্রামের শরিফুল ইসলাম তিন থেকে চার মাস আগে তার ছেলে রমিমকে (২৫) উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে দেন। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই রমিমের সাথে তার স্ত্রীর ছাড়াছাড়ি (তালাক) হয়ে যায়। রমিম নিহত শরিফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রমিমের বাবা (শরিফুল) দ্বিতীয় বিয়ে করেন। রমিমের স্ত্রীর সাথে তালাক হবার পর তার সৎ মা দেখেশুনে নিজের বোনের মেয়ে সাদিয়ার সাথে সৎ ছেলের বিয়ে দেন। কিন্তু বিয়ের পরই পারিবারিক দ্বন্দ শুরু হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার রমিমের নবাগত স্ত্রীকে নিয়ে বাবা ও সৎ মায়ের সাথে ঝগড়া হয়। পারিবারিক দ্বন্দের কারণে রমিম রাতের খাবার খাননি। টেবিলে রাখা ভাত যেভাবে ঢাকা ছিল সেভাবেই আছে। এই অবস্থায় পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। পরে আজ শনিবার ভোর সাড়ে ৪টায় রমিম ধারালো দা নিয়ে বাবা শরিফুল ইসলামের ঘরে প্রবেশ করেন। এ সময় সৎ মা রোজা রাখার জন্য সেহরি খাবার প্রস্তুতি নিচ্ছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই রমিম তার ঘুমন্ত বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন ছুটে এলে রমিম পালিয়ে যায়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা বেগম চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমি মর্মাহত হয়েছি। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।