বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার বুড়িচংয়ে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক জিয়া ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো: শাহজাহানকে (৪৫) গ্রেফতার করেন।
একই দিন রাত ৮টা ১০ মিনিটের দিকে এসআই মো: আব্দুল আলী ও এএসআই আবজল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের চৌধুরী ব্রিজের ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: নবীর হোসেন (২৩) ও মো: শরীফ মিয়া (২৪) নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফুর রহমান বলেন, ‘মাদকবিরোধী অভিযানে বুড়িচং থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।