গাজীপুর ডোবার পানিতে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী (দক্ষিণপাড়া দিঘীরপাড়) ঈদগা মাঠ-সংলগ্ন একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মাদরাসাছাত্র জুনায়েদ (১২) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মির্জাপুর (শঠিবাড়ী) গ্রামের আকমল হোসেনের ছেলে। সে মা-বাবার সাথে দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী এলাকায় ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থেকে বাগানবাড়ী চৌরাস্তা আল ইসলামিয়া ক্যাডেট মাদরাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। অপর শিশু আব্দুল মমিন (১০) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তাতলা গ্রামের শামীমের ছেলে। সেও মা-বাবার সাথে এনায়েতপুর মামুনের বাড়িতে ভাড়া থেকে একই মাদরাসায় পড়াশোনা করত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্থানীয় শিশু-কিশোর ঈদগাহ মাঠে ফুটবল খেলছিল। এসময় শামীম নামে এক শিশু ডোবায় পানিতে তাদের দু’জনের লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এসে ডোবা থেকে ওই লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সকালের কোনো একসময় জুনায়েদ ও মমিন ডোবায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।
কোনাবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, পরিবারের লিখিত আবেদনের বিনা-ময়নাতদন্তে ওই দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।