রংপুরে র‌্যাব-১৩ এর এক এসআইয়ের বিরুদ্ধে গ্রামপুলিশকে ডেকে নিয়ে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে মামলা দেয়ার অভিযোগ ওঠেছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর বাবা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন গঙ্গাচড়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ ঝন্টু মিয়ার বাবা সাবেক ইউপি সদস্য সাবেদ আলী।

সম্মেলনে সাবেদ আলী অভিযোগ করেন, গ্রামপুলিশ ঝন্টু মিয়া ওই এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ এর অধিক মাদকদ্রব্য উদ্ধারের মামলার স্বাক্ষী। এ কারণে ওই এলাকার মাদককারবারিরা তার ওপর ক্ষুব্ধ। একইসাথে তাকে দেখে নেয়ার হুমকি দেন অনেকে।

এরই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল দুপুরে আমার ছেলে ঝন্টু মিয়াকে র‌্যাব-১৩-এর এসআই রাসেল সিও বাজার এলাকার পেট্রোল পাম্পের কাছে শ্রাবনী স্টোরের সামনে ডেকে নেয়। এরপর র‌্যাবের আরো চার সদস্য এসে তাকে ধরে নিয়ে যায়। পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে র‌্যাব-১৩ জানায়, ৩৯০ পিছ ইয়াবাসহ আমার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘আমার ছেলে যদি মাদককারবারি হয় তাহলে সে র‌্যাবের কাছে মাদক নিয়ে যাওয়ার কথা না। আমি মনে করি, মাদককারবারির সহযোগিতায় র‌্যাব আমার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে। এ ঘটনার বিচার চাই। সঠিক তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের বিচার করতে হবে।’

এ বিষয়ে র‌্যাবের সিও এবং অভিযুক্ত এসআই রাসেল রানার সাথে কথা বলতে সাক্ষাতে ও মোবাইলফোনে যোগাযোগ করলেও তারা সারা দেননি।