চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের ২২ জন আহত হয়েছে। আহতরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্স-চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৮এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর চাঁদপুর জোড়াতলা মাঠে এ ঘটনা ঘটে।
দআহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে শাখাওয়াত হোসেন (৩৫), আফছার আলির ছেলে মিলন হোসেন (৩০), নুর হকের ছেলে রকিবুল রহমান (৩৮) ও মাহাবুবুর রহমান (৪০), মাহাবুবুর রহমানের ছেলে তানভির (২৫), মরহুম আফসার আলির ছেলে আব্দুল আলিম (৩৫) মস্তবারী মণ্ডলের ছেলে ইউনুস আলি (৫০), তাহাজ উদ্দীনের স্ত্রী রশিদা খাতুন (৪০), সামসুলের স্ত্রী আছিয়া খাতুন (৩০), সামসুল হকের ছেলে হায়দার আলি (৫০) হায়দার আলির ছেলে হাসিবুর (১৯), তাহাজ উদ্দীনের ছেলে শহিদ (১৮) রাশিদুলের ছেলে ইনামুল (২২), নাজের আলির ছেলে শরিফুল (৩৫), নাজের মণ্ডলের ছেলে রফিকুল (৫০), খোদা বক্সের ছেলে বাবলু (৪০), বিল্লাল হোসেনের ছেলে জুবায়ের হোসেনসহ (৩৫) অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল হকের ছেলে হায়দার আলি ও মরহুম আফসার আলির ছেলে আব্দুল হালিমদের সাথে উপজেলার উত্তরচাঁদপুর গ্রামের জোড়াতলা মাঠে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হালিমরা ওই জমিতে পাট বুনতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ ২২ জন আহত হয়। এ সময় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: ফাহামিদা আক্তার রুনা বলেন, মারামারির ঘটনায় সকাল থেকে আহত ব্যক্তিরা হাসপাতালে আসছে। বর্তমানে এখানে ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমিসহ পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনা হয়েছে। বর্তমানে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।