চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মামাতো-ফুফাতো দুই ভাই নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সাতকানিয়ার মৌলবী দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দগাঁও থানাধীন এফআইডিসি সড়কের বাদামতল এলাকার নাজিমউদ্দীন লিটনের ছেলে মুহাম্মদ বাপ্পি (২২) ও একই এলাকার বাবুল হোসেনের ছেলে মুহাম্মদ রাফি (২০)।

দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুব আলম জানান, নিহত দু’জন মোটরসাইকেলে করে বান্দরবান যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা দু’জন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের একজনকে চন্দনাইশ উপজেলার দোহাজারী হাসপাতালে এবং অন্যজনকে কেরানীহাট এলকায় নেয়া হলে চিকিৎসকরা উভয়কে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।