বরিশালের উজিরপুরে সনদ নেই তবুও ডাক্তার পরিচয়ে রোগী দেখার কার্যক্রম চালানোয় মোহাম্মদ রেজাউল নামে এক ব্যক্তিকে এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাতল ইউনিয়নের সাতলা এলাকা থেকে ওই ডাক্তারের চেম্বারে গিয়ে উজিরপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাইনুল ইসলাম।
জানা যায়, রেজাউল দীর্ঘদিন থেকে উপজেলার সাতলা এলাকায় মায়ের দোয়া ক্লিনিক চেম্বার খুলে নিজেকে ডাক্তার পরিচয়ে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবার কোনো সনদপত্র নেই। তারপরেও তিনি নিজেকে ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র লিখে দিতেন।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শওকত আলি বলেন, ‘অভিযুক্ত রেজাউল কোনোমতেই রোগীর ব্যবস্থাপত্র লিখতে পারেন না। তিনি মেডিক্যাল আইন লঙ্ঘন করে এ কাজগুলো করে আসছিলেন।’
উজিরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম বলেন, ‘ডাক্তার রেজাউল চিকিৎসক হিসেবে কোনো ধরনের নিবন্ধন না থাকা সত্বেও দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসার অভিযোগের প্রেক্ষিতে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।