ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টাস্কফোর্স অভিযানে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় রাজস্থানী তোতাপুরি ছাগল ও দুম্বাসহ মো: ইয়াকুব আলী (২৯) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় এবং সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে বিশেষ একটি টাস্কফোর্সদল উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় অভিযানে টাস্কফোর্সদল ভারত থেকে অবৈধভাবে পাচার করা ৩২টি রাজস্থানী তোতাপুরি ছাগল, ১০টি দুম্বা, একটি মাঝারি ট্রাক ও একটি পিকআপসহ মো: ইয়াকুব আলী নামে একজনকে আটক করে। জব্দ করা ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপের আনুমানিক বাজার মূল্য দু’কোটি ৪৭ লাখ টাকা।

আটক ওই ব্যক্তি যশোরের শার্শা উপজেলার বালন্ডা পুটখালী গ্রামের মো: আহাদ আলীর ছেলে। জব্দ করা ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপসহ আটক ব্যক্তিকে সরাইল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।