রংপুরে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের সামনে নীলফামারীবাসী ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জিয়া পরিষদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ জেলা ও মহানগর বিএনপি’র নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে রংপুর মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুম, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মনিরুজ্জাম্মান সুইডেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলতাব রকিব, ডা: নিখিল চন্দ্র রায়, কৃষিবিদ আব্দুল হালিম, অ্যাডভোকেট শফি কামাল, ডি. রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারের সদস্য তুহিনকে ১৭ বছর নির্বাসনে রাখা হয়েছিল। তার সহধর্মিণীর জানাজায়ও আসতে পারেননি তিনি। বর্তমান সরকারও তার বিরুদ্ধে হওয়া মামলা এখনো প্রত্যাহার করেনি। উল্টো জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলন করা হবে।