ময়মনসিংহের গফরগাঁওয়ে বাসায় জানালার গ্রিলে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে আফরা মাহনাজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের জামতলা মোড়স্থ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু আফরা মাহনাজ উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের আব্দুল্লাহ আল মামুন ও আফরোজা খাতুন দম্পতির দ্বিতীয় মেয়ে। তারা দীর্ঘদিন ধরে জামতলা মোড়ে আবাসিক এলাকায় একটি তিনতলা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতো। সে গফরগাঁও সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, স্কুল বন্ধ থাকায় রোববার দুপুর ১টার দিকে শিশুটি বাসার জানালার গ্রিলে ওড়না দিয়ে দোলনা বানিয়ে একা একা খেলছিল। খেলার এক পর্যায়ে দোলনার ওড়না গলায় ফাঁস লেগে শিশুটি ঝুলছিল। পরিবারের লোকজন খোঁজ পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: নাঈমুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’