ময়মনসিংহের ভালুকায় মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে মা ও ছেলেকে আটক এবং তাদের বসতঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে গ্রামের মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে একত্রিত করা হয়। পরে গ্রামবাসী জামাল ড্রাইভারের ছেলে পারভেজ (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়দের অভিযোগ, পারভেজ, তার মা পারভীন আক্তার এবং জামাল ড্রাইভারের শ্যালক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত।
এলাকাবাসী দাবি করেন, এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও তারা মাদক কারবার বন্ধ করেননি।
আওলাতলী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম শফিক বলেন, সারাদেশে মাদক নির্মূলে সরকারের উদ্যোগের অংশ হিসেবে এলাকাবাসী একত্রিত হয়। পরে অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়া হয়।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী, তাদের বাড়ি থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। এরপর এলাকাবাসীর উদ্যোগে কথিত মাদক কারবারিদের এলাকা থেকে উচ্ছেদের লক্ষ্যে বাড়িতে আগুন দেয়া হয়।
হবিরবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: শাহজাহান বলেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ ছিল এবং একাধিকবার সতর্ক করা হয়েছিল। পরে সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদের নির্দেশনায় গঠিত একটি মাদক নির্মূল কমিটি ও এলাকাবাসীর সদস্যরা তাদের বসতঘরে আগুন দেন এবং এলাকা ছাড়ার দাবি জানান।
আগুনে পারভেজের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।