মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, কমিউনিটি নেতা, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনার আগে বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বলেন, ‘জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, ন্যায়বিচার, গণতন্ত্র এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি মালয়েশিয়া ইউনিটের সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, এনবিএল মানি ট্রান্সফারের সিইও আলী হায়দার মোর্তজা, জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়ার সভাপতি মো: জসিমউদ্দীন, সাংবাদিক মো: আমিনুল ইসলাম রতন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার সদস্য সচিব শামসুল আলম সিকদার হেলাল, জাসাস মালয়েশিয়ার সভাপতি শেখ আসাদ আহমেদ মাসুম এবং জাতীয় নাগরিক পার্টি মালয়েশিয়ার আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক।

এ সময় জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন টেলিফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।